আইন জগতের প্রবাদ পুরুষ, অকাতরে বহু লক্ষ লক্ষ টাকা দান করে দানবীর নামে খ্যাতনামা হয়ে আছেন যিনি, দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেই ‘স্যার’ উপাধি প্রাপ্ত বিখ্যাত স্যার রাসবিহারী ঘোষের শুভ জন্মদিন শনিবার ২৩ ডিসেম্বর। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের তোড়কোনা পদ্ম পুকুর ফুটবল ময়দানে স্যার রাসবিহারী ঘোষ এর জন্মদিন উপলক্ষ্যে শুরু হলো স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সংস্কৃতিক ও কৃষি মেলা ২০২৩। শনিবার দুপুর নাগাদ স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতি সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য ৱ্যালির মাধ্যমে গোটা তোড়কোনা গ্রাম প্রদক্ষিণ করা হয়।
ৱ্যালিতে অংশগ্রহণকারী কচি-কাচা সহ সকলের ধ্বনিতে উচ্চারিত হয় “স্যার রাসবিহারী ঘোষ তোমায় আমরা ভুলছিনা ভুলবো না। রাসবিহারী তুমি ফিরে এসো। দানবীর স্যার রাসবিহারী ঘোষ অমর রহে”। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিলো আদিবাসী নৃত্য, রনপা, ব্যান্ড, ঢাক সহ আরও অন্যান্য বাদ্যযন্ত্র। ফিতে কেটে,স্যার রাসবিহারী ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী চুমকি চৌধুরী।
স্যার রাসবিহারী ঘোষ এর শুভ জন্মদিন উপলক্ষে মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন হয়। মেলা উপলক্ষ্যে ৬দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃষি মেলা। এলাকার ১০ জন চাষীকে পুরস্কৃত করা হবে মেলা কমিটির পক্ষ থেকে।







