বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহের জন্মদিন ২৮ ডিসেম্বর। এবার তাঁর বয়স ৩০ বছর। বিশেষ এই দিনে তাঁর কোনো বিশেষ পরিকল্পনা নেই। তিনি বরং নিজের মতো করে কাটাতে চান দিনটি।
আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলে সৃজলা জানান, “আমার কাছে জন্মদিন মানে আর পাঁচটা দিনের মতোই। তাই আলাদা করে উদ্যাপন করতে আমার ভালো লাগে না। আমি চাই না সবাই আমাকে নিয়ে মাতামাতি করুক। তাই নিজের মতো করেই কাটাই।”
সৃজলার বান্ধবী গীতশ্রী রায় তাঁর জন্মদিনে হাজির হয়েছিলেন। সিরিয়ালের সেটেই তাঁদের আলাপ হয়েছিল। সেই থেকেই তাঁদের বন্ধুত্ব। গীতশ্রী রাত ১২টায় বন্ধুর জন্য কেক নিয়ে এসেছিলেন। কিন্তু সেই কেক নাকি গীতশ্রীই কেটেছেন! কেন?
সৃজলা জানান, “গীতশ্রী জানে যে আমি কেক কাটতে ভালোবাসি না। তাই সে নিজেই কেটেছিল।”
সৃজলার মা-বাবাও তাঁর জন্মদিন উপলক্ষে এসেছিলেন। সৃজলা বলেছেন, “বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাব। এর থেকে বেশি আর কিছু নেই। আমার বেশ কিছু পোষ্য আছে। তাদের নিয়েই সময় কেটে যায়। তা ছাড়া ছোট বাচ্চাদের সঙ্গেও এই দিনটা কাটাতে ভালো লাগে।”







