রাজনীতি

‘মুখোশ পরে দেশবিরোধী শক্তির তৎপরতা’, ককরোচদের দিল্লি আন্দোলন নিয়ে তোপ শমীকের

মুখোশের আড়ালে দেশবিরোধী শক্তি সক্রিয়। হতাশা থেকেই এই আন্দোলনের জন্ম। মৃতরা যেন ফের বেঁচে ওঠার চেষ্টা করছে। মহালয়ার সকালে বাগবাজার ঘাটে তর্পণ সেরে ককরোচ জনতা পার্টির দিল্লির যন্তর-মন্তর কর্মসূচিকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাস্তায় নামে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচি ঠেকাতে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিষয়টি নিয়ে কলকাতায় মুখ খোলেন শমীক। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই আন্দোলন করার অধিকার রয়েছে। তবে অপ্রাসঙ্গিক শক্তি ফের প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে।

শমীকের কথায়, “আজকের আন্দোলন হতাশা থেকে। ভারত সরকার বিষয়টির দিকে নজর রাখছে। মুখোশের আড়ালে দেশবিরোধী শক্তি কাজ করছে। আমাদের কাছেও খবর রয়েছে। এর আগের আন্দোলনও ওরা হাসিমুখে প্রত্যাহার করে নিয়েছিল।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলকেও নিশানা করেন শমীক। রাষ্ট্রপতির সঙ্গে ইন্ডিয়া জোটের সাক্ষাৎ প্রসঙ্গে তাঁর মন্তব্য, “অর্ধমৃত দল মৃত দলের সঙ্গে মিলে একটি অপচেষ্টা করছে। এই চেষ্টা সফল হবে না।”

দেবীপক্ষের সূচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় না থাকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি সভাপতি। তিনি বলেন, “দেবীপক্ষের শুরুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতায় নেই। দিল্লি চলে গিয়েছেন। আমরা চাই উনি এখানে থাকুন। বিভিন্ন পুজো মণ্ডপে যান। আমরা সেটা দেখতে চাই। তৃণমূলের বড় নেতারা সবাই কোথায় গেলেন?”

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে সেই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। অনুমতি না থাকা সত্ত্বেও শনিবার যন্তর-মন্তরে কর্মসূচি করার চেষ্টা করে ককরোচরা। পরিস্থিতি সামাল দিতে মধ্য দিল্লির একাধিক এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। বিক্ষোভে যাতে কোনওরকম হিংসাত্মক পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এই কড়া পদক্ষেপ বলে সূত্রের খবর।

এদিকে জনপথ-কর্তব্যপথ সংযোগস্থলের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একাধিক এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকার কথা। পাশাপাশি ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। রাজধানীর বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে অন্তত ২৬ হাজার পুলিশ ও আধাসেনা।

এর মধ্যেই বিমানে আটক করা হয় ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কারকে। যন্তর-মন্তরে পৌঁছনোর আগেই তাঁদের আটক করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই বিমান থেকে ওই নেতাদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.