ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হওয়া ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি নিয়ে চূড়ান্ত কৌতূহল তৈরি হয়েছিল ২০২২ সালে ছবির ঘোষণা হওয়ার পর থেকেই। বহু প্রতীক্ষিত এই স্পোর্টস বায়োপিকে অনুষ্কা শর্মার কামব্যাক ঘিরে ছিল দর্শকমহলের প্রবল আগ্রহ। কিন্তু দু’বছর কেটে গেলেও এখনও মুক্তির কোনও খবর নেই। প্রচার হোক কিংবা মুক্তির আপডেট প্রযোজক সংস্থা বা নির্মাতাদের তরফে যেন নিঃস্তব্ধতা। শুটিং পর্বে অনুষ্কা কলকাতায় বেশ কিছুদিন কাটান। ঝুলন গোস্বামীর সঙ্গে একাধিকবার তাঁকে প্রকাশ্যেও দেখা যায়। ছবিতে অনুষ্কার কোচের ভূমিকায় অভিনয় করেছেন দিব্যেন্দু ভট্টাচার্য। এবার তিনিই মুখ খুললেন ছবির ভবিষ্যৎ নিয়ে।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দিব্যেন্দু জানান, “ছবিটা এতটাই ভালো হয়েছে যে আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিচালক প্রসিত রায়ের বাড়িতে ছবির একটি অসম্পূর্ণ ভার্সন দেখেছিলাম আর তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।” তিনি আরও বলেন, “অনুষ্কার অভিনয় দেখে আমি হতবাক। ওর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স এই ছবিতে।” তাহলে কি ‘চাকদহ এক্সপ্রেস’ বাতিল? দিব্যেন্দুর উত্তর, “সত্যি বলতে আমি নিজেও জানি না। যদি কিছু জানতাম, নিশ্চয়ই বলতাম। এখন সব কিছু নির্ভর করছে ক্লিন স্লেট ফিল্মস ও নেটফ্লিক্সের উপর। ওদের মধ্যে কী চলছে, তা বলা মুশকিল।”
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো ‘ ছবির পর বড় পর্দায় আর দেখা যায়নি অনুষ্কাকে। তাই ‘চাকদহ এক্সপ্রেস’ ছিল তাঁর প্রত্যাবর্তনের চূড়ান্ত ঘোষণাস্বরূপ। ছবির প্রযোজনায় ছিলেন অনুষ্কার ভাই কর্ণেশ শর্মা, ক্লিন স্লেট ফিল্মসের ব্যানারে। কিন্তু ২০২৩ সালে সেই প্রযোজনা সংস্থার সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি ভেঙে যাওয়ায় ঝুলে যায় একাধিক প্রকল্প। তার মধ্যেই অন্যতম ‘চাকদহ এক্সপ্রেস’। শোনা যাচ্ছে, ক্লিন স্লেট ফিল্মস সম্ভবত ছবির স্বত্ব পুনরায় অধিগ্রহণ করে অন্য ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করার কথা ভাবছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে এই প্রযোজনা সংস্থা ‘বুলবুল’, ‘কালা’ এবং সাম্প্রতিক সিরিজ ‘কোহরা’-র মতো প্রজেক্টে প্রশংসিত হয়েছে।
একসময় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করা ‘চাকদহ এক্সপ্রেস’ এখন যেন এক নিরবধি প্রতীক্ষার নাম। ঝুলনের মাঠ কাঁপানো অধ্যায়, অনুষ্কার কঠিন ট্রেনিং, ছবির ঝলক সবই এক সময়ে শোরগোল তুলেছিল। কিন্তু এখন অভিনেতারা নিজেরাও জানেন না, কবে দেখতে পাবে দর্শক সেই স্বপ্নের ছবি। এতটাই অনিশ্চয়তা আর নীরবতায় ঢাকা পড়ে যাচ্ছে অনুষ্কার বহু কাঙ্ক্ষিত কামব্যাক!







