মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে এক মর্মান্তিক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। এই ঘটনার পরই উদ্বেগ ছড়িয়ে পরে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর এবং তাঁর স্বামী শোয়েব ইব্রাহিমকে ঘিরে, যাঁরা সেসময় তাঁদের ছোটো ছেলে রুহানকে নিয়ে পহেলগাঁওতেই ছুটি কাটাচ্ছিলেন। হামলার ঠিক দুই দিন আগেই দীপিকা কক্কর তাঁদের কাশ্মীর ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায় তাঁদের ছোটো ছেলে রুহানও ভ্রমণে সঙ্গে ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভক্তরা একের পর এক জানতে চান এই দম্পতির বর্তমান অবস্থা সম্পর্কে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন তাঁদের নিরাপত্তা নিয়ে। তবে সকলকে আশ্বস্ত করতে শোয়েব ইব্রাহিম মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে জানান, তাঁরা হামলার ঠিক আগেই কাশ্মীর ছেড়ে দিল্লি পৌঁছেছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন। শোয়েব লেখেন,”হাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের মঙ্গল নিয়ে উদ্বিগ্ন হয়েছেন। আমরা সবাই নিরাপদে আছি, আজ সকালে আমরা কাশ্মীর ছেড়েছি এবং আমরা নিরাপদে দিল্লি পৌঁছেছি। সমস্ত উদ্বেগের জন্য আপনাকে ধন্যবাদ। নতুন ভ্লগ শীঘ্রই আসছে।”







