একদিকে যখন দুর্নীতির তদন্তে তৎপর ইডি আধিকারিকরা। ঠিক তখনই প্রকাশ্যে এল আরেক দুর্নীতির খবর। বেআইনি ভাবে নদীর পাড় কেটে সেই বালি পাচার করেন মাফিয়ারা। অভিযুক্তরা কখনও গ্রেফতার হয় কখনও আবার হয় না। তবে এবার প্রকাশ্যে এল এক অন্যরকম ঘটনা। মাঝরাতে বেআইনি পাড় দখল করতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি।
শিবনাথ ভৌমিক নামে বছর ৪১ এক ব্যক্তি গতকাল রাত্রি ১১টা নাগাদ উত্তম ভৌমিকের সাথে মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন। যেহেতু ওই এলাকায় নদীর চড় থেকে বেআইনিভাবে বালি কাটা হয়। সেই কারণে সেখানে হামেশাই পুলিশের নজরদারি থাকে।
পুলিশের নজর এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। তবে নদীর প্রবল স্রোতে শিবনাথ তলিয়ে যান বলে জানা গিয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে উত্তম নৌকো নিয়ে ফিরে আসেন। সকাল থেকে নদীতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ এসে উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদলের থানার পুলিশ।
এদিন নিখোঁজ হওয়া শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক বলেন, “গত রাতে আমার ছেলে আর একজন দুজনেই মিলে নৌকাকে রূপনারায়ণ নদের জলে ভাসান দিতে গিয়েছিল। তখনই এই ঘটেছে বলে জানতে পেরেছি।” এছাড়াও অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা রঘুনাথ পন্ডা সাংবাদিকদের মুখোমুখিতে বলেন, “রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণের নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। ভাঁটার সময় এরা কী করতে গিয়েছিল তা পুলিশ বলতে পারবে।”







