কলকাতাজেলা

ব্যারাকপুরে শপিং মলে বিধ্বংসী আগুন: আতঙ্কে এলাকাবাসী, বিপুল ক্ষয়ক্ষতি

ব্যারাকপুর: শহরের ব্যস্ততম এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে অতীন্দ্র সিনেমা হলের পাশের এক ক্যাফেতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে শপিং মলের অন্যান্য দোকান ও অংশে। চোখের পলকেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কর্মীরা। শপিং মলটি অত্যন্ত ঘিঞ্জি জায়গায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের মতে, শপিং মলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ত্রুটিপূর্ণ ছিল।

অগ্নিকাণ্ডের প্রভাবে ব্যস্ত রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে এমন ভয়াবহ ঘটনা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। কালো ধোঁয়ার স্তর এতটাই ঘন যে নিকটবর্তী দোকানদার ও স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য এলাকা ছাড়তে বাধ্য হন।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, প্রশাসনের তরফে অগ্নি সুরক্ষার বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও তা উপেক্ষিত হয়েছে। এই ঘটনা প্রশাসনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

বর্তমানে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.