মালদহে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গাছে থাকা অবস্থায় আম প্যাকেটিংয়ের আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। জেলা উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী এলাকায় এই প্রকল্প শুরু হয়েছে। মূলত হিমসাগর, মল্লিকা ও আম্রপালি জাতের আমে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে।
বিশেষ ধরনের কাগজের প্যাকেট দিয়ে ছোট অবস্থাতেই আম মুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে সরাসরি সূর্যের আলো ও বৃষ্টির জল থেকে আম সুরক্ষিত থাকবে। পাশাপাশি আমের গুণগতমান, রং ও আকার অক্ষুণ্ণ থাকবে, যা আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে সক্ষম। এছাড়া পোকামাকড় ও রোগবালাই থেকেও আম নিরাপদ থাকবে।
জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান, “এই পদ্ধতিতে আম চাষ করলে বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন সম্ভব। এবার পরীক্ষামূলকভাবে শুরু হলেও ভবিষ্যতে বৃহৎ পরিসরে এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
একসময় মালদহের আমের আন্তর্জাতিক খ্যাতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই খ্যাতি নষ্ট হয়েছে গুণগত মানের অভাবে। তাই ফের সেই সুনাম ফিরে আনতে আধুনিক কৃষি পদ্ধতি ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।
আমচাষি প্রসূন চিতলাঙ্গিয়া বলেন, “আমি প্রথমবার এই পদ্ধতিতে আম প্যাকেটিং করছি। এতে আম বিদেশে রপ্তানির যোগ্য হবে। সাফল্য পেলে আগামী বছর আরও বড় পরিসরে করব।”
এই নতুন উদ্যোগ কৃষকদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।







