দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-র জগদ্দল থানা এলাকা। রবিবার রাতে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হন এক CISF জওয়ান। আহত জওয়ানের নাম যোগেশ শর্মা, যিনি বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বর্তমানে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার পর থেকেই এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রথমে বচসা, পরে তা রূপ নেয় ব্যাপক সংঘর্ষে। ইটবৃষ্টি, মারধরের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ।
ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিজেপির দাবি, তাদের প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে থানার সামনেই হামলা চালায় তৃণমূল কর্মীরা। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, তাদের এক কর্মীকে মারধরের প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং-এর অনুগামীরা হামলা চালায়।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে, থানার সামনের অশান্তির পর বিজেপি প্রার্থী পবন সিং-এর বাড়ির সামনে হামলা চালানো হয়। বিজেপির দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে এবং সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা CISF জওয়ান পরিস্থিতি দেখতে বেরোলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। নির্বাচনের আগে জগদ্দলে বারবার অশান্তির ঘটনা সামনে আসায় প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে।







