হুগলির পোলবা ব্লকের প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম ‘পাটনা’-য় রবিবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে মূর্তি উন্মোচন ও জনসভায় অংশ নিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় বিজেপি নেতা স্বরাজ ঘোষের আমন্ত্রণে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে সঙ্গে নিয়ে তাঁর এই সফর।
সভামঞ্চে এসআইআর (SIR) প্রক্রিয়া, ভোটার তালিকা প্রকাশ, বিএলওদের ক্ষোভ থেকে শুরু করে রাজ্য-রাজনৈতিক অবস্থান—সব কিছু নিয়েই সরব হন তিনি।
“৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না এলে ভোটই হবে না”
এসআইআর সংক্রান্ত প্রশ্নের উত্তরে শুভেন্দুর তোপ,
“সময়ে ভোটারলিস্ট না বেরোলে ভোট হবে না। তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিক ভাবেই হয়ে যাবে।”
তাঁর অভিযোগ, রাজ্য সরকারের ‘অসহযোগিতা’-র কারণেই বিএলওদের উপর চাপ বাড়ছে।
“প্রতিটি এন্ট্রি করতে ২০ মিনিট লাগে। বিহারে ১,০০০ ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল সরকার। এখানে নির্বাচন কমিশনের প্রস্তাব মমতার নির্দেশে অর্থ দপ্তর আটকে দিয়েছে। তার ফল ভুগছেন বিএলওরা।”
নারী ভোট নাকি আরজি কর-দুর্গাপুর–কসবা ইস্যু?
বিহার নির্বাচন নিয়ে প্রশ্নে শুভেন্দুর মন্তব্য,
“বিহারে মহিলা ভোট বড় ফ্যাক্টর হলেও বাংলায় ‘আরজি কর’, ‘দুর্গাপুর’, ‘কসবা ল কলেজ’—এই ঘটনা বড় ভূমিকা নেবে।”
লক্ষ্মী ভান্ডার নিয়ে তাঁর কটাক্ষ—
“ওটা সরকারি টাকা। বিজেপিকে দেখে নকল করেছে তৃণমূল। শিবরাজ সিং চৌহানই প্রথম নারী-ক্ষমতায়ন স্কিম চালু করেছিলেন।”
সঙ্গে দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলো “ভাতা নয়, চাকরি ও সামাজিক সুরক্ষা—দুটোই দেয়”।
এসটি সার্টিফিকেট নিয়ে চড়া অভিযোগ
বক্তব্যে সংরক্ষণ নীতি ও ভুয়ো সার্টিফিকেট ইস্যুতেও সরব হন শুভেন্দু।
“ক্যাজুয়াল-চুক্তিভিত্তিক নিয়োগে কোনো সংরক্ষণ নেই। ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে প্রকৃত আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”
কেন্দ্রীয় সরকারের ৯টি রেসিডেন্সিয়াল স্কুল ও আদিবাসী ‘মডেল গ্রাম’ প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ করে তাঁর প্রশ্ন—
“সৌর আলো, পাকা বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, অলচিকি ভাষা শিক্ষা—সব ব্যবস্থা করতে চেয়েছিল কেন্দ্র। মমতা কেন করতে দিলেন না?”
দ্রৌপদি মূর্মু রাষ্ট্রপতি হওয়াকে কেন্দ্রের “আদিবাসী সমাজের প্রতি সর্বোচ্চ সম্মান” বলেও দাবি করেন তিনি।
রাজ্যপাল–প্রধানমন্ত্রী—সব জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ইঙ্গিত
রাজ্যপালের ‘ব্যালটে ভোট’ মন্তব্য প্রসঙ্গে শুভেন্দুর উত্তর,
“উনি তিন বছর ধরে আছেন। নিজের উপলব্ধি থেকেই বলেছেন।”
আর প্রধানমন্ত্রী মোদীর ‘জঙ্গলরাজ’ মন্তব্যে তাঁর প্রতিক্রিয়া—
“প্রধানমন্ত্রী চারবার এসেছেন। উনি যা বলেছেন, ঠিকই বলেছেন।”
বিহারের জয়ের পর বাংলায় বিজেপির উত্তেজনা
ঠিক আগের দিন বিহারে এনডিএ-র রেকর্ড জয়ের পর বাংলাতেও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
এই আবহেই আদিবাসী অধ্যুষিত গ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর বার্তা—
“পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে।”







