২১ দিন পাকিস্তানের সেনার হাতে বন্দি থাকার পর অবশেষে দেশের মাটিতে ফিরলেন হুগলির রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি সীমান্তে ডিউটি করার সময় সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তানের জমিতে ঢুকে পড়েন এবং সঙ্গে সঙ্গে পাক সেনার হাতে বন্দি হন। দীর্ঘ ২১ দিন ধরে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে কাটে তাঁর পরিবার এবং দেশের মানুষজনের সময়।
তবে ভারত সরকারের কূটনৈতিক উদ্যোগ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে শেষমেশ মুক্তি পান পূর্ণম। ২৩ মে তিনি ফিরে আসেন নিজের বাড়ি রিষড়ায়। শনিবার হাওড়া ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মান জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে আবেগে ভেসে পূর্ণম বলেন, “বাড়ি ফিরে মনে হচ্ছে যেন পুনর্জন্ম পেয়েছি। পাকিস্তানে আটকে পড়ার পর প্রতিদিন নিজের পরিবারের কথা ভেবে ভয় আর টেনশনে কাটাতাম। আমি পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই আমার অনুপস্থিতিতে পরিবারের কী হবে, সেটাই ছিল সবচেয়ে বড় চিন্তা।”
তিনি দেশবাসীর ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, আবার নিজের পুরনো ডিউটিতে ফিরে যেতে চান। মন্ত্রী অরূপ রায় বলেন, “পূর্ণম সাউয়ের মতো জওয়ানরা দেশের সীমান্ত পাহারা দেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। ওঁরা আমাদের গর্ব।”
পূর্ণমের সাহস, সহনশীলতা ও দেশপ্রেম আজ গোটা দেশের অনুপ্রেরণা।







