বারবার একই ঘটনা। আবারও বিমানের ককপিটে লেজার আলোর খেলায় চোখ ধাঁধিয়ে গেলো পাইলটের। পুলিশ প্রশাসনেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেক বড়ো বিপদ হতে পারতো কৈখালীর দিক থেকে আসা সেই বড়ো আলোয়।
তখন সন্ধ্যা ৭ টা ৩৩, বৃহস্পতিবার। বাগডোগরা থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ৬১৩৫ বিমান বিমানবন্দর থেকে কিছুটা দূরে। সেই সময় কৈখালীর দিকে ককপিটে সবুজ আলোর ঝলকানি দেখা যায়। তাতেই পাইলট বিভ্রান্ত হন দিক নির্ণয়ে।
সেই তথ্য নিয়ে পাইলট যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে। সেইমতো এটিসি বিমানটিকে নিরাপদে অবতরণ করায়। বিমানে ছিলেন ১৮৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু। সকলকে নিয়ে নিরাপদে বিমানটি অবতরণ করে ঠিকই। কিন্তু কেনই বা বারবার এমন ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এদিন বিমান অবতরণের পর বিমান কর্তৃপক্ষ ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ করে বিমানবন্দর ব্যবস্থাপককে। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি জানায় নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার আলোর ব্যবহার সম্পূর্ণ বন্ধ। তারপরও এই আলোর ব্যবহার কিভাবে করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে।







