আবহাওয়া

শীতের পথে ঝঞ্ঝার ধাক্কা, উর্ধ্বমুখী পারদ

সকাল–সন্ধ্যেয় শীতের আমেজ, দিনে উধাও ঠান্ডা

কলকাতা: জানুয়ারিতে জমিয়ে শীত উপভোগ করেছে রাজ্যবাসী। শহরে অনুভূত হয়েছে হাড়কাঁপানো ঠান্ডা। তবে এবার শীতের পথে একের পর এক ধাক্কা। উত্তরের হাওয়ার পথে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দফারফা হচ্ছে শীত। মঙ্গলবার সকালেও শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় কার্যত কমে যাবে ঠান্ডার অনুভূতি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে ওঠার সম্ভাবনা রয়েছে। আপাতত পঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার জেরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি। আগামী সাত দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে কলকাতা সহ বিভিন্ন জেলায়। তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, বিশেষ করে দার্জিলিংয়ে তাপমাত্রা নামতে পারে ৩ থেকে ৫ ডিগ্রিতে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।

এদিকে সোমবারই দক্ষিণ ভারত থেকে মৌসুমী বায়ু সরে গিয়েছে। তামিলনাড়ু ও পন্ডিচেরী অঞ্চল থেকেও বিদায় নিয়েছে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। আগামী দু’দিন দক্ষিণ ভারতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

সব মিলিয়ে, শীত বিদায় নেওয়ার পথে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের ছোঁয়া থাকলেও, দিনের বেলায় ধীরে ধীরে উধাও হচ্ছে জানুয়ারির কনকনে ঠান্ডা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.