আবহাওয়া

বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি, নিম্নচাপের জেরে আজও ভিজবে রাজ্য

নিম্নচাপের প্রভাবে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই নেই বাংলার। রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির কোনও বড় পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টির ফাঁকে ভ্যাপসা গরমও বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার থেকে ফের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর মধ্যেই বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পড়তে পারে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলের উপর দিয়ে সক্রিয় রয়েছে।

কলকাতায় রবিবার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা ৭১ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও রবিবার সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে দু’-এক জায়গায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবারের পর উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.