নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার নিয়মে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার তালিকায় প্রথমবার নাম তুলতে গেলে আবেদনকারীকে বাবা-মা বা পূর্বপুরুষের নির্বাচনী তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে ফর্ম-৬ জমা দেওয়ার সময় এই তথ্য না দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না।
নির্বাচন কমিশনের তরফে প্রশাসনিক নির্দেশ জারি করে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। ফর্ম-৬ মূলত ১৮ বছর পূর্ণ হওয়া নতুন ভোটার, প্রথমবার ভোটার তালিকায় নাম তোলা এবং কোনও কারণে নাম বাদ যাওয়ার পর পুনরায় নথিভুক্তির জন্য ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, ইসিআইনেট (ECINET) পোর্টালের অনলাইন ফর্ম-৬-এ নতুন একটি ঘোষণা যুক্ত করা হয়েছে। পার্ট জে এবং পার্ট কে-র মাঝখানে থাকা এই অংশে আবেদনকারীকে জানাতে হবে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না। অথবা তাঁর বাবা-মা, দাদা-দিদা কিংবা ঠাকুরদা-ঠাকুমার নাম সেই তালিকায় রয়েছে কি না, সেটিও উল্লেখ করতে হবে।
যদি আবেদনকারীর ক্ষেত্রে এই দুইয়ের কোনও তথ্য প্রযোজ্য না হয়, তাহলে তৃতীয় একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে। তবে প্রথম বা দ্বিতীয় বিকল্প নির্বাচন করলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর দিতে হবে।
নির্বাচন কমিশনের দাবি, ভোটারদের পরিচয় যাচাই আরও সহজ করতেই এই পদক্ষেপ। এর ফলে নতুন ভোটারদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আগের নির্বাচনী রেকর্ডের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হবে এবং অতিরিক্ত নথির প্রয়োজনও কমতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ফর্ম-৬-এ আবেদনকারীর সঙ্গে বসবাসকারী পরিবারের সদস্যদের নাম ও তাঁদের EPIC নম্বর দেওয়ার ব্যবস্থা ছিল। নতুন নিয়মে তার সঙ্গে যুক্ত হল আগের SIR ভোটার তালিকার তথ্য যাচাই।
দেশজুড়ে মৃত, স্থানান্তরিত, একাধিকবার নথিভুক্ত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দিতে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে নতুন ভোটারদের জন্য পূর্বপুরুষের ভোটার তথ্য চাওয়ার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।







