হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর খবর। অভিনেতার ছবির সঙ্গে লেখা ‘প্রয়াত’। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। পরিচিতদের একের পর এক ফোন আসতে থাকে তাঁর কাছে। শেষ পর্যন্ত নিজের মৃত্যুর খবর নিয়ে মুখ খুলতে হল বর্ষীয়ান টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে।
সম্প্রতি একটি ভিডিও বার্তায় নিজের পরিচয় দিয়ে অভিনেতা স্পষ্ট করে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
নিজের অভিনীত নেতিবাচক চরিত্রের প্রসঙ্গ টেনে রসিকতার সুরে বিপ্লব বলেন, তাঁকে অনেকেই পর্দায় ‘খারাপ লোক’ হিসেবে চেনেন। কিন্তু নিজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এবার সেই পরিচয়ের বাইরে বাস্তব জীবনের বিপ্লব চট্টোপাধ্যায়কে সামনে আসতে হল।
মৃত্যুর গুজব প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, একদিন প্রত্যেককেই চলে যেতে হবে। তবে যতদিন ঈশ্বর তাঁকে বাঁচিয়ে রাখছেন, ততদিন তিনি বেঁচে আছেন। হাতজোড় করে সকলের কাছে এমন খবর না ছড়ানোর আবেদনও জানিয়েছেন তিনি।
বিপ্লবের কথায়, শুধু তাঁর ক্ষেত্রেই নয়, কারও মৃত্যু সংক্রান্ত খবর যাচাই না করে ছড়ানো উচিত নয়। এমন ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পী মহলের সদস্যরাও সমস্যায় পড়েন বলে জানান তিনি।
অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ ও ভালো আছেন। তাঁর মৃত্যু সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আবেদন জানিয়েছে ফোরাম। ফলে অভিনেতার মৃত্যুর খবর ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি কাটলেও, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা নিয়ে ফের উঠল প্রশ্ন।






