সাদা মাটা হাবভাব, পানসে মুখ, সঙ্গে একরাশ কথা… তবে, যেটাই বলেন তিনি যুক্তি দিয়ে বলেন। এমনভাবে বলেন, যে প্রচণ্ড সিরিয়াস কথাও না হেসে উপায় পান না তাঁর দর্শক।
সোশ্যাল মিডিয়ার সুবাদে বহু মানুষ এখন অনলাইনের মাধ্যমে নিজের পরিচিতি গড়ছেন। যার মধ্যে একজন হলেন ঝিলম গুপ্ত। বাংলার অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি। মাত্র কয়েক বছরে নিজের অদ্ভূত ছন্দে কথার স্টাইলে বাংলার হাজার হাজার মানুষের মন জয় করেছেন তিনি। হুগলির মেয়ে ঝিলম গুপ্ত, জমকালো নয় বরং খুব সাদামাটা জীবনযাপন করতেই ভালবাসেন তিনি।
ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি মানুষ। মজার নানা ভিডিও-র মাধ্যমে তিনি সবার মন জয় করে নেন। সেখান থেকে সুযোগ পান অভিনয়েরও।
পাভেলের কলকাতা চলন্তিকার হাত ধরে তাঁর সিনেমার হাতে খড়ি। তবে এবার আর টলিউড নয়, সোজা বলিউডে ঝিলম ম্যাজিক!
গত বছরই শোনা গিয়েছিল করণ জোহরের প্রযোজনায় কাজ করতে চলেছেন ঝিলাম, জল্পনা সত্যিই। ধর্মা প্রোডাকশনের আসন্ন ওয়েব সিরিজ ‘লাভ স্টোরিয়াঁ’ তে দেখা গেল ঝিলামকে। ভালোবাসার আসল মানে খুঁজতে ছয় দম্পতির বাস্তব জীবনের গল্প তুলে ধরবেন প্রযোজক করণ। যে ভালোবাসায় বিরহ আছে, স্ট্রাগল রয়েছে, সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করা রয়েছে। যে ভালোবাসা জাতি-ধর্ম-বয়স-লিঙ্গের বেড়াজাল মানে না, সেই ভালোবাসার গল্প পর্দায় আনছেন সৌমেন মিশ্র। এই সিরিজের পরিচালকের আসনে রয়েছে ছয় জন পরিচালক।







