জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ প্রসঙ্গে সরব বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দু’তিনজন ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না। উনি ভাবছেন যদি জামিন পেয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এসে আবার মন্ত্রী হবেন বলেন। আবার কাকে করবেন সে কি করবে সে থাকবে না চলে যাবে এই চিন্তা দুশ্চিন্তায় তিনি কাউকে দায়িত্ব দেন না।’
এদিন দিল্লি সফরে যাওয়ার পূর্বে সাংবাদিকদের সামনাসামনি হন দিলীপ। অন্যদিকে, জাতীয় এসসি কমিশনের রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপের মন্তব্য, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি যেখানে পৌঁছেছে এবং টিএমসির লোকজন যেভাবে অত্যাচার করছে এর থেকে বাঁচার কোনও রাস্তা নেই। যে সরকার মানুষকে সুশাসন দেবে, তারা যদি লুটপাট-খুনখারাপি করে তাহলে তা মানুষের যাওয়ার রাস্তা থাকে না। প্রত্যেকে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন। কেউ রাজ্যপালের কাছে যাচ্ছেন, কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, কেউ কোর্টে যাচ্ছেন, দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে।’
প্রসঙ্গত উল্লেখ্য, রজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার রাজভবনের তরফে এই খবর নিশ্চিত করা হয়। রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্যোতিপ্রিয়ের বদলে বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক ওই দুই দফতর সামলাবেন।







