বিদেশ

PoK-এ ভোট ঘিরে রক্তক্ষয়! গুলিতে বহু নিহত, কারচুপির অভিযোগে তুমুল বিতর্ক

সরকারের একতরফা নির্বাচন আয়োজনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আগেই ছিল। ভোটের প্রথম দফাতেই সেই ক্ষোভ বিস্ফোরণের রূপ নেয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK)। অভিযোগ, বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় পাকিস্তান পুলিশ। এই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। আহত হয়েছেন বহু মানুষ। একই সঙ্গে নির্বাচন জুড়ে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।

গত সোমবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তিন দফার নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে সংঘর্ষ ও অশান্তির খবর সামনে আসে। একাধিক জায়গায় ব্যালট বাক্সে আগুন লাগানোর ঘটনাও ঘটে। রাওয়ালকোট ও কোটলির মতো এলাকায় পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গত ৫২ দিন ধরে রাওয়ালকোটে আন্দোলন চালিয়ে আসছিল জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (JAAC)। অভিযোগ, সেই আন্দোলন দমন করতেই নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ মিছিল চলাকালীন হঠাৎ করেই পুলিশ গুলিবর্ষণ শুরু করে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া বহু আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুলিশের গুলিচালানোর দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে রাস্তায় একাধিক দেহ পড়ে থাকতে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “পরিস্থিতি ভয়াবহ। রাওয়ালকোটের বিভিন্ন জায়গায় মৃতদেহ পড়ে রয়েছে। অসংখ্য মানুষ আহত হয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমি কোনওভাবে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। যারা এই ভিডিও দেখছেন, দয়া করে আমাদের সাহায্য করুন।”

শুধু হিংসাই নয়, নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগও জোরালো হয়েছে। কোটলি জেলার নিকিয়াল এলাকায় ভোট চলাকালীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র কর্মী মুখতার ইউনুস গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ব্যাপক হিংসা ও বুথ দখলের ঘটনার জন্য পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দায়ী। অন্যদিকে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই নির্বাচন বয়কট করেছে। পাশাপাশি নির্বাচনে অনিয়মের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.