জেলা

নতুন বছরের মুখে শ্রমিক-আতঙ্ক! কাঁচামালের অজুহাতে তালা কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিলে, অনিশ্চিত প্রায় ৩ হাজার পরিবার

নতুন বছরের আগেই শিল্পাঞ্চলে ফের অশনি সংকেত। কাঁচামালের অভাবের অজুহাতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল কাঁকিনাড়া নফরচন্দ্র জুটমিল। বুধবার সকাল থেকে মিলের গেটে ঝুলল ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস। আচমকা এই সিদ্ধান্তে চরম উদ্বেগে পড়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। কাজ হারানোর আশঙ্কায় মিল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

বুধবার অন্যান্য দিনের মতোই কাজে যোগ দিতে মিলের গেটে পৌঁছেছিলেন শ্রমিকরা। কিন্তু গেটেই চোখে পড়ে বন্ধের নোটিস। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই উৎপাদন চললেও হঠাৎ করে মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিলের কর্মী রুস্তম আলি আনসারী বলেন, “১৫ দিনের জন্য মিল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতায়, একবার বন্ধ হলে ফের কবে খুলবে, তার কোনও নিশ্চয়তা থাকে না। সংসার চালানোই বড় প্রশ্ন।” অপর শ্রমিক রমেশ দাসের অভিযোগ, “আগের তুলনায় উৎপাদন বেড়েছে। তবুও মালিকপক্ষ লোকসানের কথা বলছে। পাট না পাওয়ার যুক্তি দিচ্ছে, যা আমরা মানতে পারছি না।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই জগদ্দল জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় শতাধিক শ্রমিক কাজ হারিয়েছেন। তার রেশ কাটতে না কাটতেই ফের কাঁকিনাড়ায় মিল বন্ধ হওয়ায় শিল্পাঞ্চলে আতঙ্ক আরও বেড়েছে।

ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, “এই সময় কাঁচামালের দাম বাড়ে। মুনাফা বাড়াতে মালিকপক্ষ পরিকল্পিতভাবে মিল বন্ধ করে। তবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে আছেন। আগেও সরকার হস্তক্ষেপ করে রিলায়েন্স জুটমিল খুলিয়েছে। এখানেও শ্রমিক স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।”

নতুন বছরের দোরগোড়ায় মিল বন্ধ হওয়ায় এখন একটাই প্রশ্ন—কবে মিলবে শ্রমিকদের রুজি-রুটি নিরাপত্তার নিশ্চয়তা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.