জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূলের এক বিধায়ক। এবার এক সভা থেকে জঙ্গিদের ‘পর্যটনপ্রেমী’ বলে মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়লেন তৃণমূল বিধায়ক সাবিত্রী মণ্ডল। সোমবার মালদার ভাষা আন্দোলনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে… জঙ্গিরা কোনওদিন পর্যটনকে মারে না। জঙ্গিরা সবসময় পর্যটনকে সম্মান জানায়। তাহলে এই খুনগুলো করল কারা?”
একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ,
“যখন বিজেপি ব্যাকফুটে যায়, তখনই মানুষের নজর ঘোরাতে এমন ঘটনা ঘটিয়ে দেয়। তদন্ত করেও সঠিক তথ্য চাপা দেয় বিজেপি।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে। জাতীয় নিরাপত্তা নিয়ে এমন মন্তব্য ঘিরে রীতিমতো ক্ষুব্ধ রাজনৈতিক বিশ্লেষকরাও।
এদিকে, সংসদে যখন পহেলগাঁও হামলা নিয়ে আলোচনা চলছে, সেই সময়েই সেনাবাহিনীর সফল ‘অপারেশন মহাদেব’-এ খতম হয় হামলার অন্যতম দুই জঙ্গি। সেনার গুলিতে মারা যায় সুলেমান মুসা ও তার এক সহযোগী। কিন্তু প্রশ্ন থেমে থাকেনি।
পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন লোকসভায় দাঁড়িয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তোলেন। তিনি বলেন—
“চারজন জঙ্গি এল, ২৬ জনকে গুলি করল, তারপর ফিরে গেল—আর আমাদের BSF, CISF কি করছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কী করছিলেন? গোটা হোম মিনিস্ট্রি কি অচল হয়ে গিয়েছে?”
কল্যাণের আরও দাবি—
“এই প্রাণহানির দায় নিতে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। ১৪০ কোটি ভারতবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত, এই গাফিলতির জন্য।”
পহেলগাঁও হামলায় এখনও পর্যন্ত সেনাবাহিনী মোট ৩ জন জঙ্গিকে নিকেশ করেছে। তৃতীয় একজনের খোঁজে এখনও চলছে তল্লাশি। তবে তৃণমূল নেতানেত্রীদের এমন মন্তব্য যে বিজেপির পাল্টা আক্রমণের সুযোগ করে দেবে, তা বলাই বাহুল্য।







