ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভাতে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার মানুষের হাতে তুলে দিলেন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর এই তিন দিনের জঙ্গলমহল সফর রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।
এদিনের সভা থেকে ১০০ দিনের বকেয়ার পাশাপাশি আবাস যোজনার টাকা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘কেন্দ্র না দিলে মে মাস থেকে এই টাকা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য।’ মা-বোনেদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর উবাচ, ‘যতদিন এই সরকার থাকবে, লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে।’ বর্ধিত টাকা এপ্রিল থেকেই মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে। আর্চারিতে এখানে খুব ভাল করেছে৷ আমার বিশ্বাস একদিন তাঁরা অলিম্পিক জয় করবেন। আদিবাসী উন্নয়ন দফতর নতুন করে তৈরি করেছি৷ ঝাড়গ্রাম, কালিম্পং আরও দু’টো নতুন করে আদিবাসী ভবন হবে। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন করা হয়েছে৷ কেউ যদি আদিবাসীদের নাম দিয়ে সার্টিফিকেট করে তাহলে আমরা এটা মানব না৷ কিছুকিছু বিএলআর’ও দুষ্টুমি করে গিয়েছে। কোনও অভিযোগ থাকলে, আমাদের জানাবেন, আমরা এইগুলো দেখছি৷’







