বিনোদন

টালিগঞ্জে রঙিন রাখিবন্ধন, শিল্পীদের নিরাপত্তায় বড়ো পদক্ষেপ ফেডারেশনের

শনিবার রাখিবন্ধন উৎসবের আবহে জমজমাট হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিও পাড়া। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগে শিল্পী, কলাকুশলী, সহ-প্রযোজক, পরিচালক ও স্টুডিও মালিকরা একত্রে উদযাপন করলেন ভ্রাতৃত্ব ও একাত্মতার এই দিন। ফেডারেশনের পক্ষ থেকে একাধিক স্টুডিওতে আয়োজন করা হয় এই উৎসবের, যেখানে স্বরূপ বিশ্বাস স্বয়ং উপস্থিত থেকে শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। এদিন পারস্পরিক রাখি পরানো ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে শিল্পীরা তুলে ধরেন বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা।

মঞ্চ থেকেই বাংলা ভাষা রক্ষার অঙ্গীকার করেন স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়,”বাংলা আমাদের মাতৃভাষা, মায়ের মতোই শ্রদ্ধার। তাই এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না।” তিনি আরও জানান, শুধু বাংলার জন্য নয়, অন্যান্য রাজ্যের শিল্পীদেরও বাংলায় কাজ করার সুযোগ বাড়াতে উদ্যোগী হবে ফেডারেশন। উৎসবের পাশাপাশি জুনিয়র মহিলা শিল্পীদের জন্য নেওয়া হয় একটি বিশেষ পদক্ষেপ। ভারত লক্ষ্মী স্টুডিওর একটি পুরনো ঘর, যা এতদিন শুধুমাত্র একটি পর্দা দিয়ে পোশাক বদলের জন্য ব্যবহৃত হত, সেটি সম্পূর্ণ মেরামত করে নতুন দরজা লাগানো হয়, যাতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত হয়। পাশাপাশি একাধিক স্টুডিওর শৌচালয় সংস্কারের কাজও শুরু হয়েছে। স্বরূপ বিশ্বাস বলেন,”জুনিয়র শিল্পীরাই আগামী দিনের তারকা, তাই তাঁদের সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য।”

গত বছর শুরু হওয়া রাখিবন্ধন উৎসব এবারে আরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। উৎসবে হাজির ছিলেন ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক নিসপাল সিং রানে-সহ একাধিক প্রযোজক ও পরিচালক। উপস্থিত ছিলেন অভিনেতা চন্দন সেন, অভিনেত্রী রেশমি সেন প্রমুখ, যারা কলাকুশলী ও সহকর্মীদের রাখি পরিয়ে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলেন। স্বরূপ বিশ্বাস জানান, অতীতে প্রযোজক, ফেডারেশন ও স্টুডিও মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা এখন অতীত। সকলের সহযোগিতায় বাংলা বিনোদন জগৎকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা। রাখিবন্ধনের মতো বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের প্রতীকী উৎসবকে আগামী দিনগুলোতেও আরও বড় আকারে পালনের আশ্বাস দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.