শেষ বাঁশির সঙ্গে সঙ্গে সবুজ-মেরুন ঢেউ আছড়ে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে। আতশবাজির আলোর মাঝে উচ্ছ্বাস, চোখে জল, আর গলার স্বরে ‘আমরাই মোহনবাগান’। পিছিয়ে পড়েও দুর্ধর্ষ প্রত্যাবর্তনে বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ২০২৪-২৫ মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট।
ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্তেই ছিল রোমাঞ্চ। প্রথমার্ধে দুই দলেরই রক্ষণ ছিল শক্তপোক্ত। সুযোগ এসেছিল, কিন্তু গোল আসেনি। ৪৯ মিনিটে দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে যায় মোহনবাগান। আলবার্তো রদ্রিগেজ নিজের গোলে বল জড়িয়ে দেন। গ্যালারির উৎসব মুহূর্তেই স্তব্ধ।
কিন্তু এই দল জানে ঘুরে দাঁড়াতে। ৭২ মিনিটে সানার হাতে বল লাগায় পেনাল্টি পায় মোহনবাগান। ঠান্ডা মাথায় গোল করে ম্যাচে সমতা ফেরান কামিংস। নির্ধারিত ৯০ মিনিটের শেষে স্কোর ১-১। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে স্টুয়ার্টের পাস থেকে ম্যাকলারেনের নিখুঁত গোল সবুজ-মেরুনকে এগিয়ে দেয়। যুবভারতী তখন উৎসবে ফেটে পড়ে।
এই জয় শুধুই একটি ম্যাচ জয় নয়, বরং মোহনবাগানে মরশুমজুড়ে ধারাবাহিকতার পুরস্কার। জামশেদপুরের মতো দলকে হারিয়ে ফাইনালে ওঠা এবং পরিণত ফুটবলের নিদর্শন রেখে ট্রফি জয়— এটিই ক্লাবের ঐতিহ্য ও পরিকল্পনার প্রতিফলন।
বিশাল কাইথকে ‘সোনার দস্তানা’ পাওয়া তাই অপ্রত্যাশিত নয়। ১৫ ম্যাচে ক্লিন শিট, ম্যাচে একাধিক বার রক্ষা করেছেন বাগানের দুর্গ। কামিংস, ম্যাকলারেনদের মতো বিদেশিরা যেমন গুরুত্বপূর্ণ ছিলেন, তেমনই সুব্রত, শুভাশিসদের মতো ভারতীয়রাও নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন।
মরসুম শেষে বিভিন্ন পুরস্কার বিতরণে উঠে এল আরও কিছু নাম। সোনার বুট ও সোনার বল জিতেছেন নর্থইস্ট ইউনাইটেডের আলাদিন আজেরাই— ২৩ গোল ও ৭ অ্যাসিস্ট। সেরা নজরকাড়া ফুটবলার হয়েছেন গোয়ার ব্রাইসন ফের্নান্দেস। ভারতীয় ফুটবলারদের উন্নয়নে কাজ করার জন্য জামশেদপুর এফসি-কে দেওয়া হয়েছে দুটি বিশেষ পুরস্কার— ঘরোয়া এবং যুব ফুটবলে সেরা কাজের জন্য। খালিদ জামিলের দলের পরিকল্পনা তাই প্রশংসার যোগ্য। তবে মরশুম শেষে আলো একটাই— মোহনবাগানের সবুজ-মেরুন জয়রথ।







