বঙ্গে এসআইআরের আবহে রাজ্যপালকে রাস্তায় নামার পাঠ শেখালেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিএলওদের অতিরিক্ত কাজের চাপ, গণইস্তফা সহ একাধিক বিষয়ে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন শমীক ভট্টাচার্য। সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে তিনি বলেন, ”রাজ্যপাল শুধু বসে থাকলে হবে না। একটু রাস্তায় বেরিয়ে দেখুন, রাজভবন থেকে বেরিয়ে আসুন। তাঁর শারীরিক অসুস্থতা রয়েছে। তবে এখন উনি অনেকটা সুস্থ। তাই বলব, রাজ্যের পরিস্থিতি একটু দেখুন। তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় যান – আমরা এটা চাই।”
গত বছরের অক্টোবর মাস থেকে বাংলায় লাগু হয়েছে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। এসআইআর নিয়ে একাধিক সমস্যা ও জটিলতার ঘটনা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার আহ্বান জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের বঙ্গে আসার আহবান জানিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন , ”জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না। কলকাতায় আসুন। রাজপথে হাঁটুন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের দাবি আপনাকে শুনতে হবে। বিএলও-দের ইস্তফার বিষয়টা খতিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে।”
এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে সভাপতি জানিয়েছেন, ”রাজ্যপালকে রাজভবনে থাকলে হবে না। তিনি সংবিধানের রক্ষাকর্তা। আমাদের আবেদন, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় যান, কথা বলুন মানুষের সঙ্গে। রাজভবন থেকে এবার বেরিয়ে আসুন। বাংলায় সাংবিধানিক ব্যবস্থা ভেঙে গিয়েছে।” উল্লেখ্য, নানান ঘটনা নিয়ে রাজ্যপালকে জনসংযোগ করতেও দেখা গেছে। মানুষের অভাব-অভিযোগের কথাও শোনেন রাজ্যপাল। লোকভবনেও ২৪ ঘণ্টা খোলা রয়েছে কন্ট্রোল রুম। তবে এসব যথেষ্ট নয় বলে বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।







