রাজ্য

“মনে হয়েছিল আর ফিরব না, আজ সবার আশীর্বাদে বাড়ি ফিরেছি” — বললেন পূর্ণম

ভারত-পাকিস্তান সীমান্তে অশান্তির আবহে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে পৌঁছে গিয়েছিলেন নদিয়ার রিষড়ার পূর্ণম সাউ। দীর্ঘ ২২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে শুক্রবার তিনি ফিরে এসেছেন নিজের বাড়িতে। তাঁর ফেরার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্ত্রী, সন্তান, বাবা-মা সহ গোটা পরিবার।

পূর্ণমের নিখোঁজ হওয়ার পরপরই উদ্বেগে ছুটে গিয়েছিল তাঁর পরিবার পাঠানকোটে। চিন্তায় দিন কাটছিল পরিবারটির—পূর্ণম আদৌ ফিরতে পারবেন তো? সেই অনিশ্চয়তার মধ্যেই ফিরে এসে একরাশ আবেগে ভাসিয়েছেন পরিবারকে।

তবে পাকিস্তানে কাটানো দিনগুলোর স্মৃতি এখনও তাড়া করে ফিরছে পূর্ণমকে। যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনা প্রোটোকলের কারণে তিনি সব কিছু খোলসা করে বলতে পারবেন না। শুধু ইঙ্গিত দিয়েছেন, যা হয়েছে, তা তিনি কোনও দিন ভুলবেন না।

পাকিস্তান নিয়ে প্রশ্ন করতেই জবাব দেন, “ওদের সামনে পেলেই বুঝিয়ে দেব। যা হয়েছে, সেটা শুধু আমি জানি। এখন কথা নয়, সময় এলে দেখা যাবে।”

তবে ২২ দিন পাকিস্তানে কাটিয়ে ফের সীমান্তে ডিউটিতে যেতে ভয় পান না পূর্ণম। তাঁর আত্মবিশ্বাস, “আমাদের যা প্রশিক্ষণ, তাতে ভয় পাওয়ার কোনও জায়গা নেই। কাজ যা দেওয়া হবে, সেটা করব।”

পরিবারের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তে তিনি বলেন, “মনে হয়েছিল আর কোনও দিন ফেরা হবে না। আজ সবার আশীর্বাদে বাড়ি ফিরেছি।”

পূর্ণমের এই প্রত্যাবর্তন শুধুই এক সেনার ঘরে ফেরা নয়, এটা এক সাহসী মনের জয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.