জেলা

মাঝরাতে পুলিশের হানা, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত কালনার তৃণমূল কাউন্সিলর

পালাবদলের পর রাজ্যের রাজনৈতিক অন্দরে একের পর এক গ্রেফতারির আবহে এবার পুলিশের জালে কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিল বসু। বুধবার গভীর রাতে কালনা থানার পুলিশ তাঁর বাড়িতে পৌঁছতেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। অভিযোগ, পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করেন কাউন্সিলর। যদিও শেষ পর্যন্ত তাঁকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের সময় অনিল বসুর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কালনা শহর জুড়ে। স্থানীয় মহলে ‘সুমন’ নামেই পরিচিত এই কাউন্সিলর দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

জানা গিয়েছে, একটি পুরনো মামলার তদন্তে বুধবার রাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। সেই সময় আচমকাই পালানোর চেষ্টা করেন তিনি। এরপর ধাওয়া করে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ।

অনিল বসুর বিরুদ্ধে আগে থেকেই জমি জবরদখল, ভয় দেখানো, হামলা, এমনকী গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকার একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি দাপটের সঙ্গে এলাকায় প্রভাব বিস্তার করতেন। অভিযোগ উঠেছে, জমি দখল ও দালালির সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই শাসকদলের একাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে পুরনো অভিযোগের তদন্তে নড়েচড়ে বসেছে প্রশাসন। ভোট-পরবর্তী হিংসা, তোলাবাজি, দুর্নীতি-সহ বিভিন্ন মামলায় ইতিমধ্যেই একাধিক প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল কালনার এই কাউন্সিলরের নাম।

এখন প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধির কাছে আগ্নেয়াস্ত্র এল কীভাবে? সেটি লাইসেন্সপ্রাপ্ত কি না, কিংবা অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বিপুল নগদ লেনদেন ও জমি সংক্রান্ত অভিযোগের দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা।

ঘটনার পর রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.