পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্য ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে ২০৩১ সালের মধ্যে ১৯,২০৯ কোটি টাকার বিনিয়োগের রূপরেখা তৈরি করেছে কেন্দ্র। বৃহস্পতিবার কলকাতায় কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই মেগা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কেন্দ্রের দাবি, প্রস্তাবিত প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৬২,৫০০-রও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ‘মেরিটাইম অমৃত কাল ভিশন ২০৪৭’-এর আওতায় বলাগড়ে মাল্টিমোডাল লজিস্টিক হাব, কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকীকরণ, অভ্যন্তরীণ জলপথের উন্নয়ন, আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও মেরামত কেন্দ্র গড়ে তোলা, ক্রুজ পর্যটনের প্রসার এবং বন্দরভিত্তিক শিল্প ক্লাস্টার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আদানি পোর্টসের কর্ণধার করণ আদানির সঙ্গে বৈঠকের পরদিনই এই বড় বিনিয়োগ পরিকল্পনা সামনে আসে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে রাজ্যে বেসরকারি বিনিয়োগের পথ আরও সুগম হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কলকাতা ও হলদিয়া বন্দর পূর্ব ভারতের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার হিসেবে আরও শক্তিশালী হবে এবং রফতানি বাণিজ্যের খরচও কমবে।







