প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার দাপটেও সময়মতো থামেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট দেরিতে, বেলা সাড়ে ১১টার পরে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সভায় পৌঁছে বাংলাতেই বক্তব্য শুরু করেন তিনি। বলেন, “কেমন আছেন পূর্ব মেদিনীপুরবাসী?” শক্তিপীঠ বর্গভিমা মা ও চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে শুরু করেন ভাষণ।
সভামঞ্চে দাঁড়িয়েই মোদি প্রথমে স্মরণ করেন নন্দীগ্রামের আন্দোলনকে। তাঁর দাবি,
“পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। গোটা পশ্চিমবঙ্গেই পরিবর্তন আসবে।”
তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার নির্মম সরকার। এই সরকার পাল্টানো দরকার। নির্মম সরকার বাংলাকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।” অভিযোগ, ভয় দেখিয়ে রাজত্বই এখন তৃণমূলের রাজনীতির মূল ভিত্তি।
শিল্পায়ন প্রসঙ্গেও মুখ খোলেন মোদি। তাঁর বক্তব্য,
“তমলুকে আগে শিল্প ছিল। তৃণমূল আমলে কিছুই নেই। আগে বিভিন্ন জায়গা থেকে মানুষ হলদিয়ায় কাজ করতে আসতেন। এখন সবাই আন্দামান, ওড়িশা চলে যাচ্ছে।”
বিজেপির ‘গ্যারান্টি’ তুলে ধরে মোদি আশ্বাস দেন, বিজেপি সরকার এলে সংবিধান মেনেই চলবে রাজ্য। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বিতর্ক নিয়েও সুর চড়ান তিনি।
শেষে দাবি, ভয় নয়, “ভরসার রাজনীতি” ফিরিয়ে আনতে পারে একমাত্র বিজেপিই।







