প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত আমন্ত্রণে শুক্রবার সকালে এক বিশেষ প্রাতঃরাশ বৈঠকে অংশ নিলেন রাজ্যের ২০ জন এনসিপিআই সাংসদ-সহ সম্প্রতি এনডিএ-তে যোগ দেওয়া মোট ৪৭ জন সাংসদ। এমন সুযোগ সচরাচর আসে না। তাই সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার-সহ উপস্থিত সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি তাঁর সামনে তুলে ধরেন। তবে আলোচনা শুরুর আগেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় নিজ নিজ কাজের মূল্যায়ন-সংবলিত একটি ‘রিপোর্ট কার্ড’।
বৈঠকে উপস্থিত প্রত্যেক সাংসদের জন্য আলাদা নামাঙ্কিত আসনের ব্যবস্থা ছিল। প্রতিটি আসনের উপর রাখা ছিল একটি সিল করা খাম। সেই খামের মধ্যেই ছিল সংশ্লিষ্ট সাংসদের গত তিন মাসের সোশ্যাল মিডিয়া কার্যকলাপের মূল্যায়ন। ফেসবুক, এক্স (টুইটার) এবং ইনস্টাগ্রামে তাঁদের সক্রিয়তা, বিভিন্ন পোস্ট এবং জনসংযোগের খতিয়ানই ছিল ওই রিপোর্ট কার্ডে। যদিও এই মূল্যায়ন নিয়ে বৈঠকে আলাদা কোনও আলোচনা হয়নি। বরং প্রধানমন্ত্রী পুরো সময়ই ছিলেন স্বতঃস্ফূর্ত ও আন্তরিক মেজাজে। তিনি প্রত্যেক সাংসদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। সায়নী ঘোষ ও বাপি হালদারের সঙ্গে তাঁর আলাপচারিতার ছবিও প্রকাশ্যে এসেছে।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়, মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীর হাতে নিজেদের বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। সেখানে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত রাখার আবেদন জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছেও একই দাবি জানানো হয়েছিল। এছাড়া আবু তাহের খান তাঁর এলাকার রেল যোগাযোগের উন্নয়নের দাবি তোলেন। বাপি হালদার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আর্জি জানান। অন্যদিকে বাঁকুড়ার সাংসদ অরূপ রায় এমপিল্যাডের অর্থে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আরোপিত ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি করেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সবার বক্তব্য মন দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংসদদের নিজ নিজ এলাকায় আরও বেশি সময় দিয়ে মানুষের পাশে থাকার পরামর্শ দেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, এনডিএ-তে দীর্ঘদিন ধরে থাকা কিংবা সদ্য যোগ দেওয়া—সব সাংসদের প্রতিই তাঁর দৃষ্টিভঙ্গি সমান। তাঁর কথায়, ২৪ বছর ধরে জোটের অংশ থাকা সাংসদ যেমন গুরুত্ব পাবেন, তেমনই একদিন আগে যোগ দেওয়া সাংসদও একই গুরুত্বের অধিকারী। সকলের সঙ্গেই তাঁর সম্পর্ক সমান।







