একুশ সালে যখন বিজেপিকে কেন্দ্র করে জল্পনা ঘনায়, তখন প্রশান্ত কিশোর দাবি করেন, বিজেপি যদি বাংলায় ১০০ আসনের গণ্ডি ছুঁতে পারে, তিনি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন। তাঁর কথা মেলে সেইবার। বিজেপি আটকে যায় মাত্র ৭২ আসনে। এই প্রশান্তই এবার গেরুয়া ব্রিগেড সম্পর্কে নির্বাচনের পূর্বে বৃহৎ ভবিষ্যদ্বাণী করলেন, যা যথেষ্ট আলোড়ন ফেলেছে রাজনৈতিকমহলে।
এবারের নির্বাচনে ৪০০ পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। তবে, প্রখ্যাত রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের মতে, বিজেপির এককভাবে ৩৭০ আসন জয়ের সম্ভাবনা খুব কম। কিন্তু পশ্চিমবঙ্গে ভাল ফল হবে বলেই মনে করেন পিকে। তাঁর কথায়, ‘আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভাল ফল হবে বিজেপির।’
প্রশান্ত কিশোরের উবাচ, ‘আমি যখন বলছি যে, বিজেপি এবারও সর্ববৃহৎ দল হিসেবে সরকার গড়বে, তখন অনেকেই আমাকে বলতে পারেন যে আমি বিজেপির এজেন্ট হয়ে গিয়েছি। তবে আমি যদি বিজেপির উত্থানের কথা না বলি, তাহলে প্রফেশনাল হিসেবে আমি সৎ নই। আমি কোনও দলের মুখপাত্র তো নই। আমাকে কোনও দল বলে দেয় না কী বলতে হবে। এটাই ফ্যাক্ট। আগামী একমাস হয়ত এর জন্য ওয়াইএসআরসিপি আর তৃণমূলের লোকেরা আমাকে বিজেপির এজেন্ট বলবে। তবে ফল দেখে নেবেন।’







