ক্রাইমজেলা

পরপর তিন সিআইএসএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

পর পর তিনটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। তিনটি বাড়ির সদস্যই সিআইএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে ভীমপুর থানার কুলগাছি মধ্যপাড়ায়।

প্রথম জন সুজয় সরকার। পেশায় একজন সিআইএসএফ জওয়ান। ছুটিতে বাড়ি আসেন। গতকাল সন্ধ্যায় বাড়ির সদস্যদের নিয়ে বেরিয়েছিলেন রাসের বিসর্জন দেখতে। বাড়িতে ছিল বৃদ্ধ ঠাকুমা। বাড়ি ফিরেই চক্ষু চড়ক গাছ তাদের। ঘরের ভিতরে সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়িতে চুরি হয়েছে প্রায় আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা।

দ্বিতীয় জন ভরত রায়। তিনিও পেশায় একজন সিআইএসএফ জওয়ান। তার বাড়িতে স্ত্রী ও কন্যা থাকতেন। বিসর্জনের শোভাযাত্রা থেকে ফিরে এসে দেখেন বাড়ির দরজার তালা ভাঙ্গা। প্রায় আট লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা চুরি হয়।

তৃতীয় জন লাবনী রায়। তার স্বামী সিআইএসএফ জওয়ান। তাদের বাড়িতেও একই ঘটনা। শোভাযাত্রা থেকে ফিরে এসে দেখে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আলমারির তালা ভেঙে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা।

যারা দেশের নিরাপত্তায় নিজেদের নিয়োজিত করেছে তাদের সুরক্ষা আজ প্রশ্নের মুখে। পরপর তিন জওয়ানের বাড়িতে একই ভাবে চুরির ঘটনায় আতঙ্কিত পরিবারের লোকজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.