বিনোদন

৮ বছর পর ফিরেই চমক! প্রিয়ঙ্কার নতুন লুক দেখে কেন তোলপাড় নেটদুনিয়া?

দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়ঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহ যেন দিন দিন আরও বাড়ছে। এস এস রাজামৌলির বহুচর্চিত ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন তিনি। শনিবার অভিনেত্রীর ৪৪তম জন্মদিন উপলক্ষে ছবি থেকে তাঁর নতুন লুক প্রকাশ্যে এনে চমক দিলেন পরিচালক।

নিজের সমাজমাধ্যমে প্রিয়ঙ্কার কয়েকটি নতুন ঝলক ভাগ করে নেন রাজামৌলি। ছবির সঙ্গে তিনি লেখেন, “হাসলে মিষ্টি, আর না হাসলে আগুন। মন্দাকিনী।” এই এক লাইনের ক্যাপশনেই যেন ছবিতে অভিনেত্রীর চরিত্র নিয়ে কৌতূহল আরও বেড়ে গিয়েছে।

নতুন লুক সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনুরাগীদের একাংশের দাবি, প্রিয়ঙ্কার সেই পুরনো আত্মবিশ্বাসী, তীক্ষ্ণ চাহনিই আবার ফিরে এসেছে। কেউ লিখেছেন, “ছোটবেলা থেকে প্রিয়ঙ্কার অভিনয় দেখে বড় হয়েছি, এখনও একই রকম শক্তিশালী উপস্থিতি।” আবার অনেকেই তাঁর চোখের অভিব্যক্তিকে “বুনো বেড়ালের মতো চাহনি” বলে প্রশংসা করেছেন।

ছবিটি সম্পর্কে ইতিমধ্যেই জানা গিয়েছে, ‘বারাণসী’ শুধু একটি অ্যাকশন বা ঐতিহাসিক ছবি নয়। রোমাঞ্চ, সময়ভ্রমণ এবং একাধিক সময়পর্বের গল্পকে একসঙ্গে বুনে তৈরি হয়েছে এই মেগা প্রজেক্ট। ফলে ছবিতে একই চরিত্রকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যেতে পারে।

গত বছরের নভেম্বর মাসে হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। তারপর থেকেই রাজামৌলির নতুন সৃষ্টি নিয়ে দর্শকদের প্রত্যাশা ক্রমশ বেড়েছে।

প্রায় ১,৪০০ কোটি টাকা বাজেটের এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। মহেশ বাবু, প্রিয়ঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনের মতো তারকাদের উপস্থিতিতে ছবিটি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সব কিছু পরিকল্পনামাফিক চললে ২০২৭ সালের ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বারাণসী’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.