সোমবার কাকভোরে আচমকাই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিশরের উপকূলবর্তী এলাকা। ভূমধ্যসাগরকে কেন্দ্র করে হওয়া এই কম্পনের জেরে শুধু মিশরই নয়, সিরিয়া, লেবানন এবং ইজরায়েলের বিভিন্ন অংশেও কম্পন অনুভূত হয়েছে। ঘুম ভেঙে আতঙ্কে বহু মানুষ বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (GFZ)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং সুয়েজ খাল থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে ভূমধ্যসাগর এলাকায়।
ভূমিকম্পের পরপরই বিভিন্ন দেশ থেকে কম্পনের ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু বাসিন্দা জানিয়েছেন, কয়েক সেকেন্ড ধরে ঘরবাড়ি দুলতে থাকে, ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
ঘটনার পর দ্রুত তৎপর হয় মিশরের প্রশাসন। সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয়েছে মিশরের রেড ক্রেসেন্ট।
রেড ক্রেসেন্ট জানিয়েছে, যেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেখানে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা (Emergency Response Plan) কার্যকর করা হয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সরকারি তথ্য সামনে আসেনি।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, যেসব ভবনে ফাটল দেখা দিয়েছে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলির কাছাকাছি না যাওয়াই নিরাপদ। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা জোরদার করা হবে।







