খেলাধুলা

বৈভব ঝড়ে মুগ্ধ গেইল-সচিন, আইপিএলে নতুন ‘সিক্স কিং’ রাজস্থানের ভরসা

চলতি আইপিএলে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলছেন তিনি। গতকাল হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভব। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান, সেই সঙ্গে ভাঙা হয়নি ক্রিস গেইলের দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ডও। ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন গেইল। এদিন সেই নজির ছুঁয়ে ফেলার সুযোগ ছিল তরুণ এই ব্যাটারের সামনে।

বৈভবের এই অসাধারণ ইনিংসের পর প্রশংসায় ভরিয়ে দেন স্বয়ং ক্রিস গেইল। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “দারুণ খেলেছ বৈভব সূর্যবংশী। আইপিএল নতুন এক সিক্স হিটার পেয়ে গিয়েছে।” একই সঙ্গে শতরান থেকে মাত্র তিন রান দূরে থেমে যাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি। গেইল লেখেন, “খুব দুর্ভাগ্যজনক, তবে খুব তাড়াতাড়িই তুমি এই মাইলফলক স্পর্শ করবে।”

গতকালের ইনিংসে বৈভব হাঁকান ৫টি চার ও ১২টি ছক্কা। এর ফলে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার আইপিএল রেকর্ডও নিজের নামে করে ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাঁর ঝুলিতে রয়েছে ৬৫টি ছক্কা। ভেঙে গিয়েছে ২০১২ সালে ক্রিস গেইলের করা ৫৯ ছক্কার পুরনো রেকর্ড। শুধু তাই নয়, চলতি আইপিএলে ইতিমধ্যেই ৬৮০ রান করে কমলা টুপির দখলও নিয়েছেন বৈভব।

তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকরও। এক্স-এ তিনি লেখেন, “বৈভবের ব্যাট সুইং অসাধারণ। পায়ে বল করলেও যেভাবে ফ্রন্টফুটে উঠে শট খেলছে, তা সত্যিই অনবদ্য। ওর ব্যাটিং থেকে চোখ ফেরানো কঠিন।”

হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের ফলে আগামীকাল কোয়ালিফায়ার ২-এ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচ জিততে পারলেই ফাইনালে আরসিবির বিরুদ্ধে নামবে বৈভবরা। ২০০৮ সালের পর ফের আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন দেখছে রাজস্থান, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় ভরসা এখন এই কিশোর ব্যাটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.