বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের দাবি, বোলপুর শহরে আইসি নিজেই তোলাবাজির সঙ্গে যুক্ত। ব্যবসায়ীদের কাছ থেকে ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ‘মাসোহারা’ চাওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি থানায় এফআইআর করতে গেলেও ৫ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুব্রত মণ্ডল জানিয়েছেন, বহু সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ নিয়ে তাঁর কাছে এসেছেন। তিনি বলেন, “আমি রাজ্যের ডিজি, পশ্চিমাঞ্চলের ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি জানিয়েছি। এই আইসির বিষয়ে আমি অভিযোগ জানিয়েছি।”
তৃণমূল নেতা আরও অভিযোগ করেন, লিটন হালদার বোলপুর থানার দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অনুব্রত বলেন, “আইসি নিজে যদি অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
ঘটনা সামনে আসতেই বোলপুর-সহ গোটা বীরভূমে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে আইসি লিটন হালদারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







