কোচবিহারের শীতলকুচিতে সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই ঘটনার মুখোমুখি হন তিনি। সেই সময় তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন সিপিএমের প্রাক্তন সাংসদ অলকেশ দাস।
জানা গিয়েছে, সম্প্রতি শীতলকুচিতে সিপিএম কর্মী মন্টু মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মিনাক্ষী। সিপিএমের দাবি, ঘটনাটি খুনের এবং প্রথমে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করেছিল। পাশাপাশি, মুম্বইয়ে কর্মরত অবস্থায় নিহত এক পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনার ক্ষেত্রেও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বামেরা। এই দুই ঘটনার প্রতিবাদে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের কর্মসূচি ছিল দলের।
পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে শীতলকুচি বাজার এলাকা দিয়ে ফেরার সময় একদল ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ে বলে অভিযোগ। ঘটনার সময় মিনাক্ষী মুখোপাধ্যায় সমাজমাধ্যমে লাইভ সম্প্রচারও করেন। ভিডিওতে গাড়ির সামনের কাচে একের পর এক ডিম এসে পড়তে দেখা যায়।
ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে মিনাক্ষী অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে কার্যকর ভূমিকা নেয়নি। তাঁর দাবি, হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত এবং পুলিশের ভূমিকারও তদন্ত হওয়া প্রয়োজন।
অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তাঁর বক্তব্য, যদি সাধারণ মানুষ ক্ষোভের বশে এমন কাজ করে থাকেন, তার দায় বিজেপি নেবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কারণে সিপিএম সব ঘটনার জন্য বিজেপিকে দায়ী করার চেষ্টা করছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া জানায়নি।







