বাংলাদেশ-সংযোগ ঘিরে বিস্ফোরক অভিযোগে উত্তাল বনগাঁ রাজনীতি। বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়ার বিরুদ্ধে সরাসরি চোরাচালানের অভিযোগ তুললেন বনগাঁ পুরপ্রধান তথা তৃণমূল নেতা গোপাল শেঠ। তাঁর দাবি, বাংলাদেশের ইউনিস সংস্থার ঘনিষ্ঠ মহলের সঙ্গে বিধায়কের গভীর যোগাযোগ রয়েছে। সেই ‘যোগসূত্র’কে কাজে লাগিয়ে সুপারি ও ছেঁড়া কটন কাপড়ের বেআইনি ব্যবসা চালাচ্ছেন তিনি।
পুরপ্রধানের আরও অভিযোগ, সীমান্তবর্তী অঞ্চল দিয়ে একাধিকবার বেআইনি পণ্য পাঠানোর ঘটনায় বিধায়কের মালবাহী ট্রান্সপোর্ট ধরা পড়েছে। সম্প্রতি ডিআরআই আটটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ছেঁড়া কাপড় আটক করেছে বলেও দাবি করেছেন গোপাল শেঠ। তাঁর বক্তব্য, “রাজনৈতিক প্রভাব খাটিয়ে অশোকবাবু সীমান্তে অবৈধ ব্যবসায় মদত দিচ্ছেন। আজ সুপারি বা কটন, কাল অস্ত্রও হতে পারে! কেন্দ্রীয় তদন্ত হওয়া জরুরি।”
তৃণমূল নেতার অভিযোগের জবাবে পালটা কটাক্ষ করেছেন অশোক কীর্তনীয়া। তাঁর সাফ কথা, “গোপাল শেঠ মানে গোপাল ভাঁড়। বাবার নামে জিতে এখন পুরপ্রধান। আমি ট্রান্সপোর্টার মাত্র, পণ্য আমার নয়। তৃণমূল নেতাদের পরিশ্রম বা মস্তিষ্ক কোনওটাই নেই—ওরা শুধু সরকারি টাকা ভাগাভাগিতে ব্যস্ত।”
এই বাকযুদ্ধে উত্তাল হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল। শাসক ও বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। সীমান্ত ঘিরে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি দেশের নিরাপত্তাও প্রশ্নের মুখে। এই পরিস্থিতিতে তদন্ত শুরু হলে, সামনে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য—এমনই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।







