নন্দীগ্রাম উপনির্বাচনের আবহে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি প্রকাশ্যে আসা নিয়ে এবার সরাসরি আইনি পথে গেলেন তাঁর আইনজীবী। রোগীর অনুমতি ছাড়া গোপন চিকিৎসা-নথি কীভাবে প্রকাশ্যে এল, সেই প্রশ্ন তুলে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সোমবার ই-মেলের মাধ্যমে এসএসকেএমের অধিকর্তা, এমএসভিপি এবং স্নায়ুরোগ বিভাগের প্রধানকে ওই নোটিস পাঠান মমতার আইনজীবী অর্ক নাগ। নোটিসে জানতে চাওয়া হয়েছে, ২০২১ সালের চিকিৎসা সংক্রান্ত নথি কীভাবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে পৌঁছল এবং তা প্রকাশ্যে আনার ক্ষেত্রে কোনও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না। নিয়ম ভাঙা হয়ে থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।
তবে এই অভিযোগের জবাব দিতে গিয়ে পাল্টা আক্রমণাত্মক সুর নিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই নথি এসএসকেএম থেকে ফাঁস হয়নি। নবান্নের ১৪ তলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দফতরের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেখানেই পুরনো কিছু নথি থেকে যেতে পারে।
এরপরই মমতার আইনজীবীর উদ্দেশে কড়া মন্তব্য করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে অতিরিক্ত ‘ঘাঁটাঘাঁটি’ করা ঠিক হবে না। এমনকি মমতার এক্স-রে বা এমআরআই রিপোর্ট প্রকাশ্যে আনার প্রসঙ্গও তোলেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে। নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে চোট পাওয়ার পর মমতার চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে। সেই ঘটনার তদন্তও এখনও বিচারাধীন বলে দাবি করা হয়েছে।
সম্প্রতি উপনির্বাচনের আগে চিকিৎসা সংক্রান্ত নথি দেখিয়ে শুভেন্দু মমতার ২০২১ সালের পায়ের চোট নিয়ে প্রশ্ন তোলেন। এবার সেই নথির উৎস নিয়েই উঠল আইনি প্রশ্ন। ফলে ভোটের আবহে পুরনো সেই বিতর্ক নতুন করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।







