তাহলে কি আরও একজন সাংসদ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের থেকে দূরে সরে যাচ্ছেন? আপাতত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ, উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়ও। দু’জনকে একই গাড়িতে দেখা যাওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
দিল্লিতে পৌঁছনোর পর সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি ভূপেন্দ্র যাদবের বাসভবনে যান বলে সূত্রের খবর। উল্লেখযোগ্যভাবে, সৌগত রায়ের পর লোকসভায় তৃণমূলের সবচেয়ে অভিজ্ঞ সাংসদদের মধ্যে অন্যতম সুদীপ। দীর্ঘদিন তিনি লোকসভায় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় থেকেই রাজনৈতিক মহলের একাংশের মধ্যে জল্পনা ছিল, এতে সুদীপের সঙ্গে দলের দূরত্ব বাড়তে পারে কি না। যদিও প্রকাশ্যে তিনি কখনও অসন্তোষ দেখাননি। তবে বর্তমান পরিস্থিতিতে যদি তিনি বিক্ষুব্ধ সাংসদদের শিবিরে যোগ দেন, তাহলে তাঁকে সামনে রেখেই নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে পারে বলে আলোচনা শুরু হয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য অবস্থান পরিবর্তন তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছিলেন, তখন তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সুদীপ। যদিও পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। একসময় বাজপেয়ী মন্ত্রিসভায় সুদীপের মন্ত্রী হওয়া নিয়েও মতবিরোধ প্রকাশ্যে আসে। পরে ২০০৪ সালে তিনি তৃণমূল ছেড়ে আলাদা রাজনৈতিক পথ বেছে নিয়েছিলেন এবং কলকাতা উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। তবে পরবর্তীতে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ফিরে আসেন।
এদিকে, দলের অন্দরে নানা টানাপোড়েনের মধ্যেও সুদীপের স্ত্রী তথা তৃণমূল নেত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। আন্দোলন ও দলীয় কর্মসূচিতে তিনি নিয়মিত উপস্থিত থেকেছেন। এমনকি তাঁকে দলের ডেপুটি লিডারের দায়িত্বও দেওয়া হয়েছে। তাই সুদীপের রাজনৈতিক অবস্থান যদি বদল হয়, তাহলে নয়নার ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতেও সুদীপ দল ছাড়ার সময় নয়নাকে তাঁর সঙ্গেই দেখা গিয়েছিল। ফলে আগামী দিনে এই দম্পতির রাজনৈতিক পদক্ষেপ কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।







