মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা চালু হওয়ার পর রাজ্যের পরিবহণ ব্যবস্থায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে এই প্রকল্পে উপকৃত হচ্ছেন অসংখ্য মহিলা যাত্রী, অন্যদিকে যাত্রী হারিয়ে আর্থিক চাপে পড়ছেন বেসরকারি বাস মালিকরা। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইল বিভিন্ন বাস সংগঠন।
শনিবার পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি জানায়, ফ্রি বাস পরিষেবা চালুর পর থেকেই তাদের আয়ে বড়সড় প্রভাব পড়েছে। সংগঠনগুলির দাবি, প্রতিটি বেসরকারি বাসে দৈনিক গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় কমে গিয়েছে। তার ওপর ডিজেলের ক্রমবর্ধমান মূল্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যৌথ বাস সিন্ডিকেট কাউন্সিলের বক্তব্য, যেখানে সরকারি বাসের সুবিধা পাওয়া যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই মহিলা যাত্রীরা বিনামূল্যের পরিষেবার দিকে ঝুঁকছেন। ফলে বেসরকারি বাসে যাত্রীসংখ্যা কমছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে আয়-রোজগারে। সংগঠনের দাবি, পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থার বড় অংশ এখনও বেসরকারি বাসের উপর নির্ভরশীল। তাই এই খাতকে বাঁচাতে দ্রুত কোনও সহায়ক নীতি গ্রহণ করা প্রয়োজন।
বাস মালিকদের একাংশের প্রস্তাব, ‘কিলোমিটার স্কিম’-এর আওতায় বেসরকারি বাসগুলিকে সরকারি পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যেতে পারে। এতে সরকার নির্দিষ্ট হারে অর্থ দেবে, আর বাস মালিকরা চালক ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন। তাদের মতে, এই ব্যবস্থা চালু হলে যাত্রী পরিষেবা যেমন বজায় থাকবে, তেমনই বেসরকারি পরিবহণও আর্থিক সুরাহা পাবে।
উল্লেখ্য, ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসগুলিতে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা চালু হয়েছে। প্রাথমিক পর্যায়ে বৈধ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা নেওয়া যাচ্ছে। পরবর্তীতে উপভোক্তাদের জন্য কিউআর-কোড যুক্ত স্মার্ট কার্ড বা ‘পিঙ্ক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে। সরকারি বাসে এই উদ্যোগকে নারী ক্ষমতায়ন ও যাতায়াতের খরচ কমানোর পদক্ষেপ হিসেবে দেখা হলেও, এর জেরে বেসরকারি পরিবহণ শিল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







