আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে এবার নজিরবিহীন আয়োজনের সাক্ষী হতে চলেছে কলকাতা। গঙ্গার বুকে শত শত নৌকায় একসঙ্গে যোগাভ্যাস থেকে শুরু করে রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র উপস্থিতিতে গণযোগাসন— সব মিলিয়ে রাজ্যজুড়ে এক সপ্তাহব্যাপী যোগ উৎসবের প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে ১৪ জুন থেকে শুরু হবে এই বিশেষ কর্মসূচি। কলকাতাকে ২০২৬ সালের জাতীয় যোগ দিবসের মূল ভেন্যু হিসেবেও বেছে নেওয়া হয়েছে।
উৎসবের সূচনা হবে ১৪ জুন। সেদিন পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে বসেই যোগাভ্যাসে অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। একটি টোল-ফ্রি নম্বরে ফোন করলেই হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে বিশেষ ভিডিও লিঙ্ক। সকাল ৬টা ১৫ মিনিটে সেই লিঙ্ক চালু হবে এবং প্রায় ৪০ মিনিট ধরে চলবে যোগ প্রশিক্ষণ। প্রশাসনের দাবি, কয়েক কোটি মানুষ ভার্চুয়ালি এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।
১৯ জুন আয়োজন করা হয়েছে ‘দৌড় সে ধ্যান তক’। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে ২ কিলোমিটার দৌড়ের পর অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে ধ্যান ও যোগচর্চায় অংশ নেবেন।
তবে সবচেয়ে আকর্ষণীয় কর্মসূচি ২০ জুন। গঙ্গাবক্ষে ৫০০-রও বেশি নৌকার উপর একযোগে যোগাসনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি গঙ্গার বিভিন্ন ঘাট ও নদীতীরবর্তী এলাকায় চলবে যোগ কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো। আয়োজকদের একাংশের দাবি, এই উদ্যোগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিতে পারে।
সব নজর অবশ্য ২১ জুনের দিকে। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে। সেখানে প্রায় ৩০ হাজার মানুষের অংশগ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগাভ্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই নির্দিষ্ট প্রোটোকল মেনে চলবে যোগচর্চা ও মূল অনুষ্ঠান। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘Yoga for Healthy Ageing’ বা সুস্থ বার্ধক্যের জন্য যোগ।
গঙ্গার বুকে নৌকায় যোগাসন, শহরের কেন্দ্রস্থলে গণঅংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর উপস্থিতি— সব মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবসে এবার নজর কাড়তে প্রস্তুত কলকাতা। শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর থাকবে এই আয়োজনের দিকে।







