কলকাতারাজ্য

মেগা ব্লকের জেরে শিয়ালদহ ডিভিশনে ব্যাপক ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৬ জুন (শনিবার) ও ৭ জুন (রবিবার) মেগা ব্লকের ঘোষণা করা হয়েছে। এর ফলে দুই দিনই একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যবর্তী আপ ও ডাউন উপনগরীয় লাইনে মোট ১৫ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে। ব্রিজ নম্বর ৩-এ গুরুত্বপূর্ণ কাজের জন্য শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এই অংশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত নারকেলডাঙা কারশেডে ট্রেনের প্রবেশ ও প্রস্থানও বন্ধ রাখা হবে।

এছাড়া বালিগঞ্জ স্টেশন সংলগ্ন ডাউন প্যাসেঞ্জার লাইনে দ্বিতীয় দফার মেগা ট্রাফিক ব্লক করা হবে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা ট্রাফিক ব্লক থাকবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সেতুগুলির পুরনো গার্ডারগুলির কার্যক্ষমতা শেষ হয়ে আসায় সেগুলির পরিবর্তে নতুন ও অধিক শক্তিশালী গার্ডার বসানো হবে। এর ফলে সেতুর নিরাপত্তা বাড়বে এবং ভবিষ্যতে ট্রেনের গতি বৃদ্ধির পাশাপাশি পরিষেবাও আরও উন্নত হবে। যাত্রীদের অসুবিধা কমানোর লক্ষ্যেই সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে।

৬ জুন বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর শাখার একাধিক ট্রেন।

অন্যদিকে ৭ জুন শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-ডানকুনি লাইনের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ শাখাতেও শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর এবং শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর রুটের একাধিক ট্রেন চলবে না বলে জানিয়েছে পূর্ব রেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.