উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল ৭ মে। তার পর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন মাস। এতদিনেও স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া শুরু না হওয়ায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। অবশেষে শুক্রবার ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর মেধাতালিকা প্রকাশিত হল কেন্দ্রীয় অনলাইন ভর্তি পোর্টালে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন সোশ্যাল মিডিয়ায় জানান, মোট ৩,০৯,৬৬৭ জন বৈধ আবেদনকারীকে ১৭টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬০টি কলেজে ৭,২৩২টি বিষয়ে ৪,০২,৫৫৭টি আসনে প্রাথমিকভাবে বণ্টন করা হয়েছে। আজ থেকেই সেই মেধাতালিকার ভিত্তিতে অনলাইনে ভর্তি শুরু হয়েছে, যা চলবে ২৫ অগস্ট পর্যন্ত।
ব্রাত্য বসু লেখেন, “আইনি জটিলতায় মেধাতালিকা প্রকাশ আটকে থাকায় আমরা যেমন উদ্বিগ্ন ছিলাম, ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও তেমনই উৎকণ্ঠায় ছিলেন। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে। নতুন পথচলায় সব ছাত্রছাত্রীকে শুভেচ্ছা।”
এই বছর উচ্চমাধ্যমিকে ৪,৩০,২৮৬ জন পাশ করেছে, পাশের হার ৯০.৭৯ শতাংশ। এতদিন ভর্তি শুরু না হওয়ায় বিরোধীরা রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিল। এখন নজর সেদিকে—গত বছরের মতো এ বছরও কলেজে আসন খালি থেকে যায় কি না।
শীর্ষ আদালতের নির্দেশে আইনি জটিলতা কাটতেই শুরু হল দীর্ঘ প্রতীক্ষিত ভর্তি প্রক্রিয়া। ছাত্র-অভিভাবকদের চোখ এখন আসনভর্তি পরিস্থিতির দিকে।







