২০০ টি আসনও পাবে না বিজেপি! সমস্ত সমীক্ষা ভুল হবে। অধীর গড় মুর্শিদাবাদে ফের একবার বিজেপিকে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একই দিনে আক্রমন করলেন নির্বাচন কমিশনকেও।
অপরদিকে রাম নবমীর মিছিলে হামলা নিয়েও ফের একবার তোপ দেখালেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কড়া ভাষায় পাল্টা জবাব মুখ্যমন্ত্রীকে বামেদের।আগামী ৭ মে, তৃতীয় পর্বের নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে। তার আগে আজ শুক্রবার অধীর গড়ে প্রচারযাত্রায় যান তৃণমূল নেত্রী। আর সেখান থেকেই আক্রমন পদ্ম শিবিরকে।
বলেন, দেশে ২০০ টি আসনও পাবে না বিজেপি। ভুল সমীক্ষা প্রমাণিত হবে। লাখ লাখ টাকা ব্যয় করে ওই সমীক্ষা করানো হয়েছে বলে কার্যত অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, মানুষের চোখ বলছে বিজেপি জিতবে না । ফলে কোনও কিছুতে কান দেবেন না।
পাশাপাশি আজ শুক্রবার আক্রমন শানান নির্বাচন কমিশনকেও। মমতার দাবি, রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে ভোট করানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। কেন তা করানো হচ্ছে? মানুষ ভোট দিতে না পারে সেজন্য? তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান। অন্যদিকে ‘ইন্ডিয়া’কে লিড করবে তৃণমূল। এখানে কোনও জোট হয়নি। সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করছে। ওদের সমর্থন করব না বলেও এদিন আক্রমণ তৃণমূল সুপ্রিমোর।
পাশাপাশি রামনবমীর মিছিলে হামলা নিয়েও এদিন ফের একবার আক্রমণ করেন তিনি। বলেন, সবটাই পরিকল্পিত। পুরো ঘটনার জন্য পদ্ম শিবিরের বিরুদ্ধেই তোপ দাগেন। বলেন, কে অধিকার দিয়েছে অস্ত্র হাতে মিছিল করার। সংখ্যালঘু দেখলেই পরিবারে এনআইএ কেন ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে? তাঁর এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মুর্শিদাবাদে ঘটে রামনবমীর মিছিলে হামলা।এমনকি ছাদ থেকে ছোঁড়া হয় ঢিল। সূত্রের খবর,এই ঘটনায় অন্তত ২০ জন রামভক্ত আহত হয়েছে। পাশপাশি অভিযোগ ওঠে শুধু ইট নয়, ছোঁড়া হয় বোমাও।







