রাজ্য সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা ভান্ডার’ নিয়ে বড় আপডেট সামনে এল। অবশেষে প্রকাশিত হয়েছে এই প্রকল্পের আবেদনপত্র বা ফর্ম। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীরা অফলাইন ও অনলাইন— দুই মাধ্যমেই আবেদন করতে পারবেন। ফলে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করার সুযোগ মিলবে সাধারণ মানুষের।
জানা গিয়েছে, আবেদনকারীদের প্রথমে সরকারি ওয়েবসাইট socialsecurity.wb.gov.in-এ প্রবেশ করতে হবে। এছাড়াও গুগলে ‘অন্নপূর্ণা যোজনা’ লিখে সার্চ করলেও সংশ্লিষ্ট ওয়েবসাইটে পৌঁছে যাওয়া যাবে। ওয়েবসাইটে বাংলা, হিন্দি ও ইংরেজি— এই তিন ভাষাতেই আবেদনপত্র উপলব্ধ রয়েছে।
যাঁরা অফলাইনে আবেদন করতে চান, তাঁরা ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে জমা দিতে পারবেন। অন্যদিকে, অনলাইন আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১ জুন থেকে।
আবেদনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নথি বাধ্যতামূলক করা হয়েছে। আধার কার্ড, ভোটার আইডি, ডিজিটাল রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও IFSC কোড জমা দিতে হবে আবেদনকারীদের। SC, ST ও OBC শ্রেণিভুক্ত আবেদনকারীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটও প্রয়োজন হবে।
এছাড়াও, আবেদনকারীর নামে জমি থাকলে তার সংক্রান্ত নথি, স্বাস্থ্য বিমার তথ্য, প্যান কার্ডের বিবরণও চাওয়া হতে পারে। পরিবারের কোনও সদস্য পেনশন পেয়ে থাকলে তাঁর সংক্রান্ত নথিও জমা দিতে হতে পারে। GST সার্টিফিকেট বা কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও তার তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, যাঁরা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদেরও নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে খবর, আবেদন প্রক্রিয়ার জন্য প্রায় ৯০ দিনের সময়সীমা রাখা হতে পারে। ফলে এখন থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আবেদনকারীদের।







