গত কয়েক দিনের অবিরাম তাপদাহে জ্বলছে গোটা বঙ্গ। বইছে লু, বাংলা যেন জ্বলন্ত পুরী! এপ্রিলে ৭০ বছরের রেকর্ডভাঙা গরম কলকাতায়। গতকাল তেতাল্লিশের তিলোত্তমা পুরোনো রেকর্ড এক লহমায় নস্যাৎ করে দিলো, আজ ৪২ ডিগ্রির পূর্বাভাস।শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কিছু জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। তবে এর মধ্যেও আশার খবর। শনিবারের পর শুকনো গরমের দাপট তুলনামূলক কমবে। রবিবার-সোমবার নাগাদ বৃষ্টির আশা দেখা দিচ্ছে দক্ষিণবঙ্গে।
আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই কমার ইঙ্গিত দিল হওয়া অফিসের তরফ থেকে।
আলিপুর আবহাওয়া দফতর বুধবারও দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে। সকাল থেকেই লু বইছে জেলায় জেলায়। ৪৪-৪৫ ডিগ্রির আশপাশে পশ্চিমাঞ্চলের পারদ। ৪২ ডিগ্রিতে থাকবে কলকাতার তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের দাপট থাকবে দক্ষিণবঙ্গে।
তবে রবিবার থেকেই আশার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আসার আলো জাগাচ্ছে বহু অপেক্ষার বৃষ্টি।রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোম-মঙ্গলে রাজ্য জুড়ে বৃষ্টির আশা রয়েছে। সোম ও মঙ্গলে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের পর গোটা রাজ্যেই নামবে পারদ। আশার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির জন্য দীর্ঘ অপেক্ষায় বঙ্গবাসী। এই সবের মাঝেই পুজো যজ্ঞেরও আয়োজন করেছেন ইন্দ্রদেব ও বরুণদেবের উদ্দেশ্যে। বুধবার তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় বজ্র দেবতা ইন্দ্র ও বৃষ্টির দেবতা বরুণ দেবের পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় সল্টলেকের দত্তাবাদে তারা মায়ের মন্দিরে। আঞ্চলিক বাসিন্দারা জানাচ্ছেন, ইন্দ্র দেব ও বরুণ দেবের অসন্তুষ্টির ফল এই তাপদাহ। তাই তাদের সন্তুষ্টির জন্যই নাকি এই আয়োজন।







