নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী রবিবার অথবা সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। যদিও কেন্দ্র সরকার বা প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
জল্পনা অনুযায়ী, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে পরিবর্তন আনা হতে পারে। প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর শক্তিকান্ত দাসকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দফতরেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে আলোচনা চলছে।
এছাড়া ধর্মেন্দ্র প্রধান, হরদীপ সিং পুরী-সহ কয়েকজন বর্তমান মন্ত্রীর দায়িত্ব বদল বা মন্ত্রিসভা থেকে বাদ পড়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। অনুরাগ ঠাকুরের মন্ত্রিসভায় প্রত্যাবর্তন নিয়েও জল্পনা রয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে নতুন কয়েকজন সাংসদকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলে সূত্রের দাবি।
তবে উল্লেখযোগ্য বিষয়, এই সমস্ত তথ্য এখনও রাজনৈতিক সূত্র ও জল্পনার ভিত্তিতে সামনে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে চূড়ান্ত ছবি স্পষ্ট হবে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার পরেই।







