আজ ৭ মে, মঙ্গলবার চলছে তৃতীয় দফা লোকসভা নির্বাচন।দেশের ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। তার মধ্যে রয়েছে বাংলা চারটি আসনও।এদিন ভোট রয়েছে গান্ধীনগরেও। সকাল সকাল আমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিতে দেখা গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত জনতাদের দেখে হাত নাড়ালেন তিনিভোট দেওয়ার পর মোদি বলেন, ‘”দেশবাসীকে আর্জি করব গণতন্ত্রে ভোটদান সামান্য বিষয় নয়। দানের একটা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে বেশি ভোট দিন। এই জায়গায় আমি প্রতি বার ভোট দিই। কাল রাতেই অন্ধ্রপ্রদেশ থেকে এখানে এসেছি।”
ভোট পর্বের পর এক ভক্তকে অটোগ্রাফ দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি একই বুথে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘”যাঁরা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তাঁরা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন।”
এদিকে, মঙ্গলবার নির্বাচন পর্ব চলছে-পশ্চিমবঙ্গের ৪টি, অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে।







