নতুন লোকাল ট্রেন পাবেন সিউড়ির বাসিন্দারা। পাশাপাশি রেল মাধমে দক্ষিন বঙ্গ থেকে উওর বঙ্গে যাতায়াতের পথ হবে আরো সুগম। এরকমই একগুচ্ছ দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানালেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরিশঙ্কর ঘোষ । এদিন রেলমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেন মুর্শিদাবাদের বিধায়ক। সেই সাক্ষাতের পর বিধায়ক জানিয়েছেন, আবারো নসিপুর হল্ট স্টেশন চালু করা, মুর্শিদাবাদে নতুন রেলওয়ে ওভারব্রিজ তৈরি হবে, নসিপুর ব্রিজ দিয়ে নতুন ট্রেন চালানো হবে এবং কয়েকটি ট্রেনের রুটকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে, এদিন রেলমন্ত্রীকে এমনই কিছু দাবি জানিয়েছেন বলে জানান তিনি।
যে যে ট্রেনের দাবি জানিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক , সেগুলি হল –
১) মালদা-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস
২) হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস
৩) প্রতিদিন সকাল ১০ টা নাগাদ বর্ধমান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন
৪) রানাঘাট-মালদা লোকাল ট্রেন
৫) রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন
৬) মুর্শিদাবাদ-বারাণসী এক্সপ্রেস (সাপ্তাহিক স্পেশাল)
৭) মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস (সাপ্তাহিক)
৮) গুয়াহাটি-শিয়ালদা এক্সপ্রেস
মুর্শিদাবাদের বিধায়কের পাশাপাশি এদিন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও। সাক্ষাতের পর তিনি জানান, “কয়েকটি রেল পরিষেবা সংক্রান্ত বিষয় অনুমোদন করানোর সুযোগ পেয়েছি। সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেসের চিনপাইয়ে স্টপেজ খুব দ্রুত হবে। সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। এর ফলে রাতে রামপুরহাট থেকে সিউড়ি আসার ব্যবস্থা হতে চলেছে। একইভাবে সকালে ট্রেন যোগে রামপুরহাট-সাহেবগঞ্জ বা উত্তরবঙ্গে যাওয়া সুগম হবে। অর্থাৎ সিউড়ির জন্য আরও একটি নতুন রেল পরিষেবা।”
এরসঙ্গে তার সংযোজন , “নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজেরও ব্যবস্থা হল। বাকি রইল হাটজানবাজার ওভারব্রিজ। কাজ সম্পূর্ণ হলেই তার উদ্বোধনেও চমক থাকবে। খুবই ফলপ্রসূ আজকের এই সাক্ষাৎ। সিদ্ধান্ত পাকা, রেল মন্ত্রকের বাস্তবায়ন-রূপায়ণে যতটুকু সময় লাগে তা আমাদের দিতে হবে। আরও বড় একটি কাজ করেছি। কয়েকদিনের মধ্যে সেটাও জানাব।”







